"অভিমান গুলো কখনও প্রকাশ করতে পারিনি। শুধু ব্যাথায় চোখের কোণে জমেছে কালো মেঘ,তবুও ব্যাথাকে ঝরতে দেইনি বৃষ্টি হয়ে। ভালোবাসাহীন মুখে শুধু তাকিয়েছি। জলসিঁড়ির পেছনে পড়ে থাকা বকুল ফুল কুড়িয়ে এনেছি, হিজলের বনে প্রায়ই হারিয়ে গেছি। হয়তো আমাদের আবার দেখা হবে দ্বিতীয় পৃথিবীর বুকে। আবার ফিরে আসবো এই পৃথিবীতে,যেখানে তোমার নরম পায়ে ছাপ লেগে থাকে। পুরোনো নক্ষত্রের ভাঁজে, তোমার পায়ের চিহ্ন পড়ে আছে। অনেক তাকিয়েছি, পাথারের বন্দরে অনেক ভিরিয়েছি হৃদয়ের ভাঙ্গা তরী। তবুও পানকৌড়ি মুখ তোলেনি, মাছরাঙা করতোয়ার জলে তৃষ্ণা মেটায়নি। এই মস্ত পৃথিবীর ভীরে তোমার দেখা মেলেনি। আমাদের পৃথিবী কুয়াশায় ঢেঁকে গেছে। তোমার চুল শুঁকে মহুয়ার মাতাল করা গন্ধে নিজেকে হারিয়ে ফেলেছি। কুয়াশায় গা ভিজে মুখোমুখি ছিলাম আমরা হলুদ তৃণ ঘাঁসে মুঠোয় ভরা দু'হাতে, বিজন মেঘের ছুটে চলায়। কতোবার তোমাতে নীল স্বপ্ন বুনেছি, ভেতরে তাজা কষ্ট লুকিয়েছি। তবুও বর্ষার ভেজা শহরে তুমি ভালো থেকো, ভালো থাকুক তোমার লাল নীল চাহনি গুলো"-------"ধুসর সীমান্ত"
